দেশে হাম রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার জন্য আগের সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
বুধবার (১৫ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বর্তমানে দেশে হাম পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে তা দ্রুত নিয়ন্ত্রণে আসবে না। শিশুদের টিকাদানের পর ইমিউনিটি তৈরি হতে সময় লাগে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, শিশুদের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক এবং সরকার হাসপাতালগুলোতে সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে কাজ করছে।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি জানান, আগামী ১৮ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন তারেক রহমান। একই সঙ্গে হজ টিকিটের মূল্য ১২ হাজার টাকা কমানো হয়েছে বলেও তিনি দাবি করেন।
তথ্য উপদেষ্টা আরও বলেন, সরকার চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে, তবে এটি সম্পূর্ণভাবে বন্ধ হয়নি—কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি জানান, নারীদের সাইবার বুলিং থেকে সুরক্ষায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষ সেল গঠন করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া কৃষক কার্ড প্রকল্পের প্রি-পাইলটিংয়ের জন্য ১ হাজার ১৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও তিনি জানান।

