আগামী জুলাই মাস থেকে মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়মিতভাবে পরিশোধ করা হবে। পাশাপাশি দীর্ঘদিনের দুই মাসের বকেয়া বেতনও একই মাসে পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৩০ জুন) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ফাজিল ও কামিল পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
শিক্ষামন্ত্রী বলেন, গত সেপ্টেম্বর থেকে শিক্ষক সংকট দূর করতে এনটিআরসিএর মাধ্যমে প্রায় ১৭ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। তার মতে, দীর্ঘদিন শূন্য থাকা পদগুলো পূরণ করা অত্যন্ত প্রয়োজনীয় ছিল এবং অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হওয়ায় শিক্ষা কার্যক্রমে ইতিবাচক প্রভাব পড়েছে।
তিনি আরও জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর দেখা যায়, নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধে প্রায় ৫০১ কোটি টাকার প্রয়োজন হলেও এ খাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ ছিল না। অন্তর্বর্তী সরকারের বাজেটে প্রয়োজনীয় অর্থ সংস্থান না থাকায় গত দুই মাস মাদ্রাসা শিক্ষকদের বেতন পরিশোধে জটিলতা তৈরি হয়।
তবে এ সমস্যা সমাধানে সরকার ব্যবস্থা নিয়েছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, জুলাই মাস থেকেই শিক্ষকদের নিয়মিত বেতন দেওয়া শুরু হবে এবং একই সঙ্গে বকেয়া দুই মাসের বেতনও পরিশোধ করা হবে।
অনুষ্ঠানে তিনি ইসলামী শিক্ষায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দলীয় বা রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে থেকে নৈতিকতা, মানবিকতা ও প্রকৃত ইসলামী মূল্যবোধ অনুসরণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করতে হবে।

