রাজবাড়ীতে নির্ধারিত দামে এলপিজি সিলিন্ডার না পাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতারা। সরকার নির্ধারিত ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকা হলেও জেলার বিভিন্ন বাজারে তা মানা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাজবাড়ীর বিভিন্ন এলাকায় ১২ কেজি সিলিন্ডার ২ হাজার ১০০ থেকে ২ হাজার ১৫০ টাকায় বিক্রি করা হচ্ছে। এতে প্রতি সিলিন্ডারে প্রায় ১৫০ টাকা পর্যন্ত অতিরিক্ত আদায় করা হচ্ছে।
ক্রেতাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে গ্যাস বিক্রি করছেন। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।
ভুক্তভোগীরা জানান, গ্যাসের দাম বৃদ্ধি পাওয়ায় আগে থেকেই সংসার চালানো কঠিন ছিল, তার ওপর অতিরিক্ত দামে গ্যাস কিনতে হওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।
তারা আরও অভিযোগ করেন, নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় এ ধরনের অনিয়ম বাড়ছে। তাই দ্রুত প্রশাসনের নজরদারি বাড়িয়ে নির্ধারিত দামে গ্যাস বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

