ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা গ্রামীণ এলাকায় দীর্ঘ সময় ধরে লোডশেডিংয়ের তীব্র সমালোচনা করেছেন। তিনি জানিয়েছেন, তার নির্বাচনী এলাকায় কোথাও কোথাও বিদ্যুৎ বিভ্রাট ১৪ ঘণ্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে, যা জনজীবনে মারাত্মক ভোগান্তি তৈরি করছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন, আশুগঞ্জ একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হলেও এখানে বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সন্তোষজনক নয়। দেশের বিভিন্ন স্থানে গ্যাস সরবরাহ করা হলেও স্থানীয় জনগণ তা যথাযথভাবে পাচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।
রুমিন ফারহানা আরও বলেন, গ্রামে বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলকভাবে বেশি খারাপ, যেখানে লোডশেডিং দীর্ঘ সময় ধরে চলায় দৈনন্দিন জীবন ব্যাহত হচ্ছে। অন্যদিকে শহরে এই সমস্যা তুলনামূলকভাবে কম বলে তিনি মন্তব্য করেন।
তিনি গ্যাস সরবরাহ প্রসঙ্গে বলেন, স্থানীয়ভাবে উৎপাদিত গ্যাসের একটি অংশ প্রথমে সংশ্লিষ্ট এলাকার মানুষের জন্য নিশ্চিত করা উচিত।
এছাড়া তিতাস গ্যাস ক্ষেত্রের একটি কূপে চলমান খনন কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখান থেকে সম্ভাব্য উৎপাদিত গ্যাসের অগ্রাধিকারও স্থানীয় এলাকায় দেওয়া উচিত।

