লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে একাধিক হামলা চালানোর দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।
গোষ্ঠীটির বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (৮ জুন) রাত থেকে মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন সময় তারা ইসরায়েলি সেনা, সাঁজোয়া যান এবং সামরিক কমান্ড পোস্টকে লক্ষ্য করে ড্রোন, ক্ষেপণাস্ত্র ও রকেট হামলা পরিচালনা করে।
হিজবুল্লাহর মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, লেবাননের দক্ষিণাঞ্চলের বাইয়াদা, রাশাফ, আল-কাওজাহ এবং কান্তারা এলাকায় ইসরায়েলি সেনাদের অবস্থান ও সামরিক যানবাহনকে একাধিক দফায় লক্ষ্যবস্তু করা হয়েছে।
দাবি অনুযায়ী, জাওতার আল-শারকিয়াহ এবং খিয়ামে পৃথক ড্রোন হামলায় দুটি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।
এছাড়া ইকলিম আল-তুফাহ এলাকায় একটি ইসরায়েলি ‘হার্মেস-৪৫০’ নজরদারি ড্রোনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপিত ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করার দাবি করেছে সংগঠনটি। একইসঙ্গে রস আন-নাকুরা (রোশ হানিকরা) নৌঘাঁটিতে বিস্ফোরকবাহী ড্রোন ব্যবহার করে হামলা চালানোর কথাও জানানো হয়েছে।

