সালেক হোসেন রনি, কিশোরগঞ্জ:
দেশজুড়ে যখন চলছে তীব্র গ্যাস সংকট, তখন কিশোরগঞ্জের কটিয়াদীতে নদীর তলদেশে থাকা তিতাস গ্যাসের উচ্চচাপের মূল সঞ্চালন লাইন থেকে প্রায় এক মাস ধরে অনবরত বের হচ্ছে গ্যাস। নদীর পানিতে উঠছে বুদবুদ, বাতাসে ছড়িয়ে পড়ছে তীব্র গন্ধ। জাতীয় সম্পদের এমন অপচয় এবং গ্যাস লিকেজ জনমনেও তৈরি করেছে ব্যাপক আতঙ্ক।
দেশে চলছে তীব্র গ্যাস সংকট। কোথাও চুলা জ্বলছে নিভু নিভু কোথাও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের অভাবে দীর্ঘ লাইন। চালক-যাত্রীর ভোগান্তির চিত্র ভোর থেকে রাত। আর ঠিক সেই সময় কিশোরগঞ্জের একটি নদীতে প্রায় এক মাস ধরে অবিরাম বেরিয়ে যাচ্ছে গ্যাস। পানির ওপর উঠছে অসংখ্য বুদবুদ। বাতাসে ছড়িয়ে পড়ছে গ্যাসের তীব্র গন্ধ। এভাবেই চোখের সামনেই অপচয় হচ্ছে জাতীয় সম্পদ।
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর এলাকায় আড়িয়াল খাঁ নদীর তলদেশে থাকা তিতাস গ্যাসের উচ্চচাপের মূল সঞ্চালন লাইনে তৈরি হয়েছে এই লিকেজ।
নদীর একটি নির্দিষ্ট স্থান থেকে একটানা বের হচ্ছে গ্যাস। দীর্ঘদিন ধরে একইভাবে গ্যাস বের হওয়ায় উদ্বেগে রয়েছেন স্থানীয়রা। তাদের আশঙ্কা, এতে যেমন জাতীয় সম্পদের অপচয় হচ্ছে, তেমনি যে কোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনাও।
স্থানীয়দের অভিযোগ, নদীর তলদেশে থাকা এই পাইপলাইন থেকে একটি চুন কারখানায় অবৈধভাবে গ্যাস সংযোগ নেওয়ার চেষ্টা করা হয়েছিল। সেই সময়ই পাইপলাইনে ছিদ্র হয়ে লিকেজের সৃষ্টি হয়। তবে এই অভিযোগ এখনো নিশ্চিত করেনি তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
এদিকে লিকেজের কারণে নিরাপত্তার স্বার্থে কিশোরগঞ্জে গ্যাস সরবরাহ প্রায় বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি পাইপলাইনের চাপও কমিয়ে দেওয়া হয়েছে।
তিতাস গ্যাস বলছে, এটি মনোহরদী থেকে কিশোরগঞ্জ ডিআরএস পর্যন্ত গ্যাস পরিবহনের উচ্চচাপের মূল সঞ্চালন লাইন। এ লাইন থেকে সরাসরি কোনো গ্রাহককে গ্যাস দেওয়া হয় না। তবে কীভাবে পাইপলাইনে ছিদ্র হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। নদীর তীব্র স্রোত, পানির চাপ এবং তলদেশে মাটি ধসে পড়ায় মেরামত কাজও জটিল হয়ে পড়েছে। তবে দ্রুতই মেরামতের আশ্বাস দিলেন এই কর্মকর্তা।
দেশ যখন গ্যাসের ঘাটতি মোকাবিলায় হিমশিম খাচ্ছে, তখন উচ্চচাপের একটি গুরুত্বপূর্ণ সঞ্চালন লাইন থেকে প্রায় এক মাস ধরে গ্যাস বেরিয়ে যাওয়ার ঘটনা উদ্বেগ তৈরি করেছে। স্থানীয়দের দাবি, শুধু লিকেজ বন্ধ নয়, কীভাবে এই ঘটনা ঘটল এবং এর জন্য কারা দায়ী, সেটিও দ্রুত উদঘাটন করে জাতীয় সম্পদ রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হউক।

