থাইল্যান্ড ও কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ায় বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক সেখানকার বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে দূতাবাস থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত এলাকায় বসবাসরত বা ভ্রমণরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে অবস্থান করতে বা প্রয়োজনে অন্যত্র সরে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
দূতাবাস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল থেকে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে যুদ্ধাবস্থা বিরাজ করছে। কম্বোডিয়া থেকে ছোড়া একটি মিসাইলে কমপক্ষে ৯ জন থাই নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনার পর থাই সামরিক বাহিনী আকাশপথে পাল্টা হামলা চালায়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো তথ্য শেয়ার বা মতামত প্রকাশের ক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে, যেন কোনো ধরনের বিভ্রান্তি বা সমস্যা না হয়।
জরুরি প্রয়োজনে বাংলাদেশিদের নিম্নোক্ত নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে:
📞 +৬৬ ৮১ ৮৭০ ৮৪৪৩
বাংলাদেশ দূতাবাস পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনীয় সবধরনের সহায়তা দিতে প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

