উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার কুরস্ক অঞ্চলে অংশ নেওয়া উত্তর কোরীয় সেনাদের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, যারা বন্দি হওয়া এড়াতে আত্মত্যাগ করেছে, তারা ‘বীর’ হিসেবে ইতিহাসে স্মরণীয় থাকবে।
আন্তর্জাতিক বিভিন্ন সূত্র ও দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী, রাশিয়ার পক্ষ হয়ে প্রায় ১৪ হাজার উত্তর কোরীয় সেনা এই অঞ্চলে মোতায়েন করা হয়েছে। এতে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেছে, যেখানে ৬ হাজারেরও বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ইউক্রেন, দক্ষিণ কোরিয়া এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যে বলা হয়েছে, কিছু উত্তর কোরীয় সেনা বন্দি হওয়ার আশঙ্কায় চরম পদক্ষেপ হিসেবে আত্মবিসর্জন বা আত্মহত্যার পথ বেছে নিয়েছে।
মঙ্গলবার রাশিয়ার সামরিক কর্মকর্তাদের এবং নিহত সেনাদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে কিম জং উন প্রথমবারের মতো এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেন। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-তে প্রকাশিত বক্তব্যে তিনি এসব সেনাকে ‘নায়ক’ হিসেবে অভিহিত করেন।
তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে প্রাণ দেওয়া কিংবা বন্দি হওয়ার পরিবর্তে আত্মত্যাগ করা সেনারা শুধু যোদ্ধা নয়, দেশপ্রেমিক হিসেবেও স্মরণীয় হয়ে থাকবে। একই সঙ্গে যুদ্ধ থেকে ফিরে আসা সেনাদেরও তিনি দেশের গর্ব হিসেবে উল্লেখ করেন।
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সামরিক সহায়তা দিয়ে উত্তর কোরিয়া অর্থনৈতিক সুবিধা এবং সামরিক প্রযুক্তিগত সহায়তা পাওয়ার চেষ্টা করছে।

