লালমনিরহাট প্রতিনিধি:
সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিএসসি, রংপুর এবং র্যাব-১০, সিপিসি-২, মুন্সীগঞ্জের একটি যৌথ দল বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৩৫ মিনিটে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার বেজগাঁও গ্রামের আব্দুর রবের ভাড়াটিয়া বাসায় অভিযান চালায়। অভিযানে লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার অপহরণ মামলার প্রধান আসামি মো. রাকিবুল ইসলামকে (২২) গ্রেপ্তার করা হয় এবং অপহৃত এক স্কুলছাত্রীকে উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া রাকিবুল ইসলাম রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার চরচিলাখাল এলাকার বাদশা মিয়ার ছেলে।
অপহৃত ছাত্রীর বাবার দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, তাঁর মেয়ে কালীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে যাতায়াতের পথে রাকিবুল ইসলাম বিভিন্ন সময় বিয়ের প্রলোভন ও প্রেমের প্রস্তাব দিয়ে তাকে উত্যক্ত করতেন। বিষয়টি নিয়ে ছাত্রীর বাবা রাকিবুলকে সতর্ক করলে তিনি আরও ক্ষিপ্ত হন।
ছাত্রীর বাবা মেয়েকে উদ্ধারের জন্য রাকিবুলের বাড়িতে গেলে তিনি ও তার সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়।
পরবর্তীতে ছাত্রীর পিতা বাদী হয়ে গত ৫ জুন ২০২৬ কালীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ ধারা এবং পেনাল কোড ১৮৬০-এর ৫০৬ ধারায় একটি অপহরণ মামলা দায়ের করেন। মামলার নম্বর-০৬।
অভিযানে ছাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য উদ্ধারকৃত ছাত্রী ও গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

