জুলাই গণঅভ্যুত্থান ভবিষ্যৎ বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়ার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে রাজধানীর রায়েরবাজার গণকবরস্থানে জুলাই শহীদ দিবস উপলক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, শহীদ আবু সাইদ ও শহীদ ওয়াসিমের আত্মত্যাগের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান সফলতার পথে এগিয়েছে এবং দেশের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। তাদের এই আত্মত্যাগ জাতি দীর্ঘদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
তিনি আরও বলেন, জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সরকার দেশের সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে এবং একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করবে।

