সত্যজিৎ দাস (মৌলভীবাজার):
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের মানুষসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কানাডা প্রবাসী সমাজসেবী ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যোশেফ দাশগুপ্ত।
ঈদ উপলক্ষে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি উপজেলার মানুষের সুখ,শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি বলেন,ধর্মীয় উৎসব কোনো নির্দিষ্ট গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ নয়,বরং তা ভ্রাতৃত্ব,সম্প্রীতি ও আনন্দ ভাগাভাগির এক মহৎ উপলক্ষ। ঈদুল আজহা আত্মত্যাগ,সহানুভূতি এবং মানবিক দায়িত্ববোধের শিক্ষা দেয়,যা সমাজকল্যাণে কাজ করার প্রেরণা জোগায়।
যোশেফ দাশগুপ্ত বলেন,শ্রীমঙ্গল উপজেলায় দীর্ঘদিন ধরে হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের মধ্য দিয়ে বসবাস করে আসছেন,যা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। সমাজে ন্যায্যতা, শান্তি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি বৈষম্যহীন ও সুন্দর পরিবেশ গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি বলেন,জনপ্রতিনিধি হওয়া মানে জনগণের সেবক হওয়া। মানুষের ভালোবাসা ও সমর্থন পেলে উপজেলার উন্নয়ন এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় নিজেকে উৎসর্গ করতে চান তিনি। একই সঙ্গে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় যোশেফ দাশগুপ্ত আরও জানান,ঈদের পর তিনি শ্রীমঙ্গল উপজেলায় এসে স্থানীয়দের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন এবং তাদের মতামত ও পরামর্শ গ্রহণের পরিকল্পনা রয়েছে। কানাডায় অবস্থান করলেও তিনি নিয়মিতভাবে এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডের পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ রেখে স্থানীয় পরিস্থিতির খোঁজখবর নিচ্ছেন বলেও উল্লেখ করেন।
পরিবেশ সুরক্ষার বিষয়েও গুরুত্ব দিয়ে তিনি কোরবানির বর্জ্য নির্ধারিত স্থানে অপসারণের জন্য সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানান। বার্তার শেষে তিনি বলেন,ত্যাগের এই মহিমা সবার জীবনে শান্তি ও আনন্দ বয়ে আনুক,পরম করুণাময় সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন।

