জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)-এর প্রতিনিধিদের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় জকসুর ভিপি রিয়াজুল ইসলামকে মারধর করে ক্যাম্পাস থেকে বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন সংগঠনটির নেতারা।
মঙ্গলবার (৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জকসু প্রতিনিধিরা জানান, বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ দ্রুত সেনাবাহিনীর কাছে হস্তান্তর, কেরানীগঞ্জে অস্থায়ী আবাসন প্রকল্প চালু, মেডিকেল সেন্টারের উন্নয়নসহ বিভিন্ন দাবিতে প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানে প্রবেশের চেষ্টা করেন তারা। তবে তাদের বাধা দেওয়া হয়।
একপর্যায়ে জকসুর প্রতিনিধিদের সঙ্গে ছাত্রদলের নেতাকর্মী ও সংশ্লিষ্টদের মধ্যে কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। জকসুর অভিযোগ, এ সময় তাদের কাছ থেকে প্ল্যাকার্ড কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলা হয় এবং কয়েকজনকে মারধর করা হয়।
ঘটনায় জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জিএস আব্দুল আলীম আরিফ, কার্যনির্বাহী সদস্য আব্দুল্লাহ আল ফারুক, জবি ছাত্রশক্তির সভাপতি শাহীন মিয়া ও সাধারণ সম্পাদক ফেরদৌস শেখসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জকসু নেতারা অডিটোরিয়ামে প্রবেশের চেষ্টা করলে তাদের বাধা দেওয়া হচ্ছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক শিক্ষক এগিয়ে গেলে তাকেও ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে।
জকসুর নেতারা দাবি করেছেন, শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো ইউজিসি চেয়ারম্যানের কাছে তুলে ধরতেই তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন। তাদের অভিযোগ, প্রশাসনের সংশ্লিষ্টদের উপস্থিতিতে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিতে বাধা দেন।
এ বিষয়ে জকসু ভিপি রিয়াজুল ইসলাম হামলার বিচার দাবি করে বলেন, শিক্ষার্থীদের দাবির পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে এবং প্রতিনিধিদের ওপর হামলা করা হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্ত পক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

