জামালপুর প্রতিনিধি :
জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ (২৯) ও মো: নাজমুল(২৭) নামের দুই যুবককে ৩০ পিচ ইয়াবা সহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। নাজমুল নান্দিনা বাদামবাড়ী গ্রামের মো: মুক্তার ছেলে ও ফয়সাল আহমেদ ফতেহপুর গ্রামের আ: ছামাদ এর ছেলে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
রবিবার (১৯ জুলাই) দুপুর ১২ টায় নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম।
মামলা সুত্রে জানা যায়, গত শনিবার বিকাল সাড়ে চারটায় ডিবির অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম এর দিক নির্দেশনায় এসআই মো: সোহাগ রানার নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা উপজেলার লক্ষ্মীরচর ঘাট এর আব্দুল এর টং দোকান এর সামনে মাদক উদ্ধারে চেক পোস্ট স্থাপন করেন জেলা গোয়েন্দা পুলিশ সদস্যরা। এ সময় ডিবি পুলিশ সদস্যরা মোটর সাইকেল থামাতে বললে ফয়সাল ও নাজমুল পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের দেখানো মতে, মোটর সাইকেলের ডান পার্শের কভার থেকে ৩০ পিচ ইয়াবা(৩ গ্রাম ওজন) উদ্ধার করে ডিবি পুলিশ। যার আনুমানিক মুল্য ৯ হাজার টাকা। পরে হিরো হাংক ১৫০ সিসি মোটর সাইকেলটি জব্দ করে ফয়সাল ও নাজমুলকে গ্রে ফ তা র করে ডিবি কার্যালয়ে আনে ডিবি সদস্যরা।
এদিকে বিষয়টি শুনা মাত্রই শনিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের নির্দেশনায় দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদের স্বাক্ষরিত চিঠিতে তাকে বহিষ্কার করা হয়।
চিঠিতে উল্লেখ্য করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর জেলা শাখার সিদ্ধান্তে শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সদস্য ও জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহম্মেদকে উপজেলা ছাত্রদলের সদস্যসহ ছাত্রদলের সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হল। এছাড়াও ছাত্রদলের সব পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয় চিঠিতে।
জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদ জানান, সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের সিদ্ধান্ত মোতাবেক জেলা ছাত্রদল বহিষ্কার করেছে৷
তবে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক জানান, আমরা শুনা মাত্রই বহিষ্কার করেছি। মাদকে কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না।মাদকের কারণে আমাদের যুব ও ছাত্র সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মাদকের বিরুদ্ধে সবাইকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
এদিকে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, ফয়সাল আহম্মেদের সঙ্গে নান্দিনা বাদাম বাড়ি এলাকার মুক্তারের ছেলে নাজমুলকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এর পরে আদালতে প্রেরণ করা হয়েছে।
অন্যদিকে জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, মাদক নির্মূলে সরকার ও প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি বা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এর দিক নির্দেশনায় জামালপুর জেলার প্রত্যেকটি থানা পুলিশের পাশাপাশি ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে৷ মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

