আবু রায়হান, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল উপজেলায় পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে এক নারীকে প্রকাশ্যে নির্মমভাবে মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় এক জামায়াত নেতার বিরুদ্ধে। ঘটনাটি এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি করেছে।
ভুক্তভোগী নার্গিস বেগম (৪০) উপজেলার ইন্দ্রকুল গ্রামের বাসিন্দা ও রাজ্জাক হাওলাদারের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ১৫ দিন আগে একই গ্রামের সোবহান হাওলাদারের ছেলে ও সূর্যমনি ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি আতিক তার কাছ থেকে ১০ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি টাকা পরিশোধ না করে টালবাহানা করতে থাকেন।
অভিযোগ রয়েছে, গত রোববার রাতে ইন্দ্রকুল গ্রামের একটি চায়ের দোকানে পাওনা টাকা চাইতে গেলে আতিক ক্ষিপ্ত হয়ে নার্গিস বেগমের ওপর হামলা চালান। তিনি তাকে টেনে-হিঁচড়ে মাটিতে ফেলে দেন এবং বুকের ওপর পা দিয়ে আঘাত করেন। মারধরের একপর্যায়ে ভুক্তভোগী তীব্র যন্ত্রণা ও ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেন।
এসময় অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটানোর হুমকি দেন বলেও অভিযোগ রয়েছে। ভুক্তভোগী বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করলে তাকে এলাকা ছাড়া করার হুমকিও দেওয়া হয় বলে জানান স্থানীয়রা।
পরদিন সকালে স্থানীয়রা আহত নার্গিস বেগমকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবদুর রউফ জানান, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি চিকিৎসাধীন আছেন।
এ বিষয়ে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

