সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ করে জারি করা সরকারি পরিপত্রকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। একই পোস্টে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও বিভিন্ন মন্তব্য করেন।
রোববার (৫ জুলাই) দেওয়া ওই পোস্টে রাশেদ খাঁন বলেন, সরকারি প্রচারসামগ্রীতে প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিংবা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি ব্যবহার না করার সিদ্ধান্ত রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে বিবেচিত হতে পারে।
তার দাবি, জনগণ যে ধরনের পরিবর্তন প্রত্যাশা করছে, সরকার ধাপে ধাপে সেই দিকেই এগোচ্ছে। তিনি আরও বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ‘জুলাই জাতীয় সনদ’-এর বিভিন্ন অঙ্গীকারও বাস্তবায়িত হবে।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খাঁন বলেন, পারস্পরিক দ্বন্দ্ব ও সংঘাতের পরিবর্তে রাষ্ট্র পরিচালনার সক্ষমতা অর্জনের দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন। তার ভাষ্য, রাজনৈতিক অস্থিরতা বাড়লে তার সুফল অন্য কোনো শক্তি পেতে পারে।
তিনি আরও মন্তব্য করেন, বিরোধী দলগুলোর উচিত নিজেদের সাংগঠনিক সক্ষমতা আরও শক্তিশালী করা এবং দীর্ঘমেয়াদে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নেওয়া।
পোস্টের একপর্যায়ে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ পুনরায় ক্ষমতায় ফিরলে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষতিগ্রস্ত হতে পারে। এ প্রসঙ্গে তিনি দাবি করেন, ‘জামায়াত-শিবিরের বাঁচার জন্য হলেও বিএনপিকে ক্ষমতায় রাখা প্রয়োজন।’
রাশেদ খাঁনের এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে।

