যুদ্ধবিরতি লঙ্ঘন হলেও ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে দৃঢ় অবস্থান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট আইয়ের বরাতে এ তথ্য জানা গেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার প্রসঙ্গে ইরান সবসময় দেশের মর্যাদা, ভূখণ্ড ও সার্বভৌমত্ব রক্ষায় অটল থাকবে। তাঁর ভাষায়, “যুদ্ধ কখনোই জাতীয় স্বার্থে নয়, তবে কেউ যদি মনে করে ইরান চাপের মুখে নতি স্বীকার করবে, সেটি ভুল ধারণা।”
গাজার পরিস্থিতির উদাহরণ টেনে তিনি দাবি করেন, দীর্ঘ সময় ধরে চলমান সংঘাতেও একটি ছোট ভূখণ্ডকে দমিয়ে রাখা সম্ভব হয়নি। একইভাবে ইরানকেও পরাজিত করা যাবে না বলে মন্তব্য করেন তিনি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে নতুন হামলা চালায় মার্কিন বাহিনী।
এর জবাবে তেহরান বাহরাইন, কুয়েত ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি এবং হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলার দাবি করেছে।
মার্কিন সামরিক বাহিনীর দাবি, বুধবার গভীর রাতে পরিচালিত অভিযান ছিল ইরানের ধারাবাহিক “আগ্রাসনের” জবাব হিসেবে নেওয়া পদক্ষেপ।

