হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বৈশ্বিক জ্বালানি নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেছে বলে অভিযোগ করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। একই সঙ্গে কৌশলগত এই জলপথে নিজেদের সার্বভৌম কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ দৃঢ়ভাবে বজায় রাখার ঘোষণা দিয়েছে তেহরান।
সোমবার (১৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বিশ্বের তেল ও গ্যাস সরবরাহের নিরাপত্তাকে গুরুতর ঝুঁকির মধ্যে ফেলেছে। এ জন্য ওয়াশিংটনকে দায় বহন করতে হবে।
তিনি আরও বলেন, ইরান পূর্ণ শক্তি ও দৃঢ়তার সঙ্গে হরমুজ প্রণালিতে নিজেদের সার্বভৌম কর্তৃত্ব ও ব্যবস্থাপনা বজায় রাখবে। পাশাপাশি বিদেশি শক্তি ও তাদের মিত্রদের ইরানি জাতির ইচ্ছার প্রতি সম্মান দেখাতে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সও জানায়, হরমুজ প্রণালির ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের কোনো ধরনের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। ইরানের নির্ধারিত নৌপথের বাইরে বাণিজ্যিক জাহাজ বা তেলবাহী ট্যাংকার চলাচলে বিঘ্ন ঘটানোর যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করা হয়।
হেডকোয়ার্টার্সের মুখপাত্রের দাবি, যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হস্তক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা, আন্তর্জাতিক বাণিজ্য এবং সামুদ্রিক নৌচলাচল হুমকির মুখে পড়েছে। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কিছু আঞ্চলিক দেশ সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে।
তিনি আরও সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের বাহিনীকে দেওয়া যেকোনো ধরনের লজিস্টিক সহায়তাকে ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হবে। এ অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি বা সংঘাত বিস্তারের জন্য যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদেরই দায়ী করা হবে বলে উল্লেখ করা হয়।
সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

