বাজার ব্যবস্থায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর সরকারি নজরদারি নিশ্চিত করতে সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
সোমবার (১১ মে) ঢাকার আগারগাঁওয়ে টিসিবির ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে কোনো ধরনের সিন্ডিকেট বা কারসাজি যাতে না থাকে, সে লক্ষ্যে কৌশলগত মজুত (স্ট্র্যাটেজিক রিজার্ভ) গড়ে তোলা, এআই নির্ভর সরবরাহ ব্যবস্থা পর্যবেক্ষণ এবং টিসিবির সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো নিম্নবিত্ত, নিম্ন-মধ্যবিত্ত ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ভর্তুকিমূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্য পৌঁছে দেওয়া।
মন্ত্রী আরও জানান, গত রমজানে প্রায় ২ কোটি ২৮ লাখ উপকারভোগী টিসিবির সুবিধা পেয়েছেন। এবার তা বাড়িয়ে প্রায় ২ কোটি ৮৮ লাখে উন্নীত করা হচ্ছে। একইভাবে ঈদুল আজহার জন্য খাদ্যপণ্য সরবরাহও উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে।
তিনি বলেন, বাজারে স্বাভাবিক পরিস্থিতি বা বিশেষ সময়ে প্রয়োজন অনুযায়ী টিসিবির ট্রাকসেল কার্যক্রম চালু রাখা হবে, যাতে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়।
টিসিবির উপকারভোগী তালিকা যাচাই-বাছাইয়ের মাধ্যমে আরও স্বচ্ছ করা হয়েছে বলে জানান তিনি। একই সঙ্গে ডিলার নিয়োগ ব্যবস্থায় নতুন নীতিমালার মাধ্যমে স্বচ্ছতা আনার কাজ চলছে বলেও উল্লেখ করেন।
বাজার নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, আমদানি থেকে খুচরা পর্যায় পর্যন্ত সরবরাহ ব্যবস্থা এআই প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণ করা হবে, যাতে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেওয়া যায়।
মন্ত্রী আরও বলেন, বাজার ব্যবস্থাকে স্বচ্ছ, স্থিতিশীল এবং কারসাজিমুক্ত করতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।

