আয়ারল্যান্ডের ডাবলিনে বসবাসকারী ভারতীয় লেখিকা নিবেদিতা শুক্লা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন। এক পাকিস্তানি যাত্রীর প্রতি বৈষম্যমূলক আচরণের কথা নিজেই প্রকাশ করার পর তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন ভারতীয় ও পাকিস্তানি—উভয় দেশের নেটিজেনরা।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে নিবেদিতা জানান, জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে দীর্ঘ ট্রানজিটের সময় তিনি আর্থিকভাবে অসচ্ছল মনে হওয়া এক ব্যক্তিকে খাবার দিতে এগিয়ে যান। প্রথমে হিন্দিতে কথা বলে জানতে পারেন, ওই ব্যক্তি ডাবলিন থেকে এসেছেন।
তবে ওই ব্যক্তি নিজের গন্তব্য করাচি এবং তিনি পাকিস্তানের নাগরিক—এ কথা জানানো মাত্রই তিনি আর খাবার না দিয়ে ফিরে আসেন বলে পোস্টে উল্লেখ করেন। এমনকি পোস্টের শেষেও তিনি একটি অবমাননাকর মন্তব্য করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
অনেক ব্যবহারকারী অভিযোগ করেন, নিজের পোস্টের শুরুতে বিদেশে ভারতীয়দের প্রতি বৈষম্যের অভিযোগ তুললেও পরে তিনি নিজেই একজন মানুষকে তার জাতীয়তার ভিত্তিতে বিচার করেছেন।
একজন ভারতীয় ব্যবহারকারী মন্তব্য করেন, অন্যের কাছ থেকে বৈষম্যের অভিযোগ করার পর একই ধরনের আচরণ করা চরম ভণ্ডামির পরিচয়। আরও অনেকে বলেন, এ ধরনের মানসিকতা আন্তর্জাতিক পরিমণ্ডলে ভারতীয়দের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করছে।
পাকিস্তানের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরাও বিষয়টির সমালোচনা করেন। তাদের অনেকেই দাবি করেন, কোনো মানুষের জাতীয় পরিচয়ের কারণে তার সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয় এবং মানবিক মূল্যবোধের সঙ্গে এটি অসামঞ্জস্যপূর্ণ।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয়তাবাদ, বৈষম্য ও মানবিক আচরণ নিয়ে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।

