সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আনুষ্ঠানিক অনুরোধ পর্যালোচনা করছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
শুক্রবার (১৭ এপ্রিল) এক নিয়মিত ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বিষয়টি আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতায় যাচাই করা হচ্ছে। তিনি জানান, সংশ্লিষ্ট সব দিক বিবেচনা করে বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা চলছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া অনুসরণ করা হবে।
মুখপাত্র আরও বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে গঠনমূলক যোগাযোগ অব্যাহত রয়েছে এবং পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখা হচ্ছে। এর আগে ২০২৫ সালে প্রথমবারের মতো শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ পাওয়ার বিষয়টি স্বীকার করেছিল ভারত। বর্তমানে বিষয়টি দেশটির বিচারিক কাঠামোর মধ্যেই বিস্তারিতভাবে মূল্যায়ন করা হচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, পুরো প্রক্রিয়াটি ভারতের নিজস্ব আইন ও কূটনৈতিক প্রটোকল অনুযায়ী পরিচালিত হচ্ছে।
২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন। বিষয়টি রাজনৈতিকভাবে সংবেদনশীল হলেও নয়াদিল্লি ঢাকার নতুন সরকারের সঙ্গে সম্পর্ক বজায় রেখে স্বাভাবিক কূটনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশসহ আঞ্চলিক অংশীদারদের সঙ্গে বাণিজ্য, জ্বালানি ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদারে তারা আগ্রহী। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে নিয়মিত যোগাযোগ ও ভবিষ্যৎ বৈঠকের প্রস্তুতিও চলছে।

