আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় নবগঠিত বরিশাল ইউনিয়নের অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বরিশাল গ্রামে মো. ফজলুর রহমান ভূইয়ার বাড়িতে স্থাপিত অস্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য কবীর আহমেদ ভূইয়া, আখাউড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কফিলউদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন, আখাউড়া পৌর বিএনপির সভাপতি মো. সেলিম ভূইয়া, সাধারণ সম্পাদক মো. আক্তার খান পৌর যুব দলের সদস্য সচিব মো: হুমায়ুন রহমান নয়ন প্রমূখ।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১১ (১) অনুযায়ী গত ১২ মে নতুন ইউনিয়ন পরিষদ গঠন করা হয়। পরে ৪ জুন বাংলাদেশ গেজেটে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশিত হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা,শ্যামনগর, কোড়াবাড়ি ও চান্দি এই ছয়টি গ্রাম নিয়ে ‘বরিশল’ ইউনিয়ন গঠন করা হয়। নতুন ইউনিয়ে মোট নয়টি ওয়ার্ড রয়েছে। এর আয়তন প্রায় ১১ দশমিক ৮৭ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা ১৭ হাজার ৬৮৪ জন।
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ধারা ১৮(১) অনুযায়ী গত ৭ জুলাই ফজলুর রহমান ভূঁইয়াকে ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁকে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ করা হয়েছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
অনুষ্ঠানে বরিশাল ইউনিয়নের প্রশাসক মো. ফজলুর রহমান ভূইয়া বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে বরিশল ইউনিয়নকে সর্বশ্রেষ্ঠ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। আমি নিজে কখনো দুর্নীতি করিনি, কাউকে দুর্নীতি করতে দেব না। সরকারের সব ধরনের বরাদ্দ সবার সঙ্গে পরামর্শ করে সুষ্ঠুভাবে বণ্টন করা হবে এবং আমি নিজে তা তদারকি করব।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া বলেন, নবগঠিত বরিশল ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম শুরু হলো। প্রশাসক ও তাঁর পরিষদ নিয়মিতভাবে ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করবেন। উল্লেখ্য, নতুন বরিশল ইউনিয়ন গঠনের ফলে আখাউড়া উপজেলায় ইউনিয়নের সংখ্যা পাঁচ থেকে বেড়ে ছয়টিতে উন্নীত হয়েছে।

