জাহিদুল ইসলাম,সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
জনগণের দোরগোড়ায় ভূমি সেবা পৌঁছে দিতে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলার উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (১৯ মে) সকালে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা। এ সময় বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ ও ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে জনগণের ভোগান্তি কমানোই এ মেলার মূল উদ্দেশ্য। মেলার মাধ্যমে সাধারণ মানুষ নামজারি, খতিয়ান সংগ্রহ, ভূমি উন্নয়ন কর প্রদানসহ বিভিন্ন সেবা সম্পর্কে সরাসরি তথ্য ও পরামর্শ নিতে পারছেন।
মেলায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা স্টল স্থাপন করে ভূমিসেবা বিষয়ে বিস্তারিত তথ্য প্রদান করছেন। পাশাপাশি অনলাইন সেবা গ্রহণ ও ডিজিটাল ভূমি ব্যবস্থার ব্যবহার সম্পর্কে জনসচেতনতা তৈরি করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

