শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ব প্রযুক্তি জায়ান্ট গুগলের ঊর্ধ্বতন প্রতিনিধিরা।
বুধবার (২০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাজ্যের লন্ডনে কুইন এলিজাবেথ–২ সেন্টারে চলমান ‘এডুকেশন ওয়ার্ল্ড ফোরাম ২০২৬’-এর সাইডলাইনে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রযুক্তিনির্ভর রূপান্তর এবং সরকারের ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নে গুগলের সম্ভাব্য কারিগরি সহায়তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
গুগলের ‘গুগল ফর এডুকেশন’ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের পরিচালক কলিন মারসন এবং সলিউশনস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অলি ট্রাসেল আলোচনায় অংশ নেন।
আলোচনায় গুগল প্রতিনিধিরা বিশ্বব্যাপী শিক্ষা খাতে প্রযুক্তির ব্যবহার, ডিজিটাল শিক্ষার সম্প্রসারণ এবং শিক্ষার মানোন্নয়নে চলমান বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
এ সময় শিক্ষামন্ত্রী বাংলাদেশের শিক্ষা খাতে সরকারের নেওয়া ডিজিটাল রূপান্তর পরিকল্পনা ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ গুগল প্রতিনিধিদের সামনে উপস্থাপন করেন।
বৈঠকে উভয় পক্ষই শিক্ষা ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করার বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

