শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সহিংস আচরণের অভিযোগে সাতক্ষীরায় বিএনপির দুই নেতাকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন—সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি এবং পৌর বিএনপির সাবেক সদস্য মাসুম বিল্লাহ।
শনিবার (২৮ জুন) সন্ধ্যায় সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে বিএনপির কার্যালয়ে সার্চ কমিটির অধীনে যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে মনিরুজ্জামান মনির নেতৃত্বে একদল ব্যক্তি কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর ও নবায়ন ফরম লুটপাট করে। এ সময় জেলা বিএনপির সদস্য এবং যাচাই-বাছাই কমিটির দায়িত্বপ্রাপ্ত শেখ এবাদুল ইসলামসহ আরও কয়েকজনকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
এ ঘটনাকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশের নির্দেশে অভিযুক্ত মনিরুজ্জামান মনি ও মাসুম বিল্লাহকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।

