গ্রামীণ জনপদ উন্নত হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
সোমবার (৪ মে) সকালে নাটোরের বাগাতিপাড়ায় দুটি খাল খনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খাল খননের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয় এবং ভবিষ্যতে এসব এলাকার পানির সংকটও কমে আসে।
তিনি আরও বলেন, দেশকে কৃষি ও মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করতে পারলে কোনো নির্ভরশীলতা থাকবে না।
নারী উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, সারাদেশে বিপুল কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা নেওয়া হয়েছে, যার বড় অংশ নারীদের জন্য বরাদ্দ থাকবে। নারীদের স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

