আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, নতুন সরকারকে মনে রাখতে হবে তারা কোন ভিত্তির ওপর ক্ষমতায় এসেছে এবং সামনে তাদের কী করতে হবে। যদি অতীতের ভুল, বিশেষ করে গুম ও নির্যাতনের পুনরাবৃত্তি করা হয়, তাহলে ইতিহাস আবারও ফিরে আসতে পারে এবং সরকারকে অভ্যুত্থানের মুখোমুখি হতে হতে পারে।
রোববার (২৬ এপ্রিল) সকালে রাজধানীর একটি হোটেলে মানবাধিকার সংগঠন ওএমসিটি ও অধিকার আয়োজিত নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তাজুল ইসলাম বলেন, “আমরা সরকারকে অনুরোধ করব, বিপ্লবের মধ্য দিয়ে একটি নির্বাচন হয়েছিল, সেই প্রক্রিয়ায় এই সরকার এসেছে। তারা নিশ্চয়ই আইনের শাসন, মানবাধিকার এবং আন্তর্জাতিক দায়বদ্ধতার প্রতি শ্রদ্ধাশীল হবেন।”
তিনি আরও বলেন, গুম বিষয়ক অধ্যাদেশ বাতিল করা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় তৈরি হয়েছে। গুমের মতো ঘটনাগুলোর অবশ্যই বিচার হতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
আলোচনা সভায় মানবাধিকার রক্ষা, নির্যাতন প্রতিরোধ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়।

