ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, তিনি ধারণা করেছিলেন ইরানের সাধারণ মানুষ খামেনিকে সমর্থন করে না।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সাংবাদিক বারাক রাভিদকে দেওয়া ফোন সাক্ষাৎকারে ট্রাম্প মন্তব্য করেন, “আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে।” খামেনির শোকানুষ্ঠানে মানুষের ব্যাপক অংশগ্রহণ তার সেই ধারণার সঙ্গে মিলেনি বলেও ইঙ্গিত দেন তিনি।
একই সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা থাকলেও শোকানুষ্ঠানের সময় কোনো ধরনের হামলার পথ বেছে নেওয়া হয়নি। তার ভাষায়, এমন পদক্ষেপ নিলে ভবিষ্যতে আলোচনার সুযোগ নষ্ট হয়ে যেত।
মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত ওয়াশিংটন ও তেহরান পারস্পরিক আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার বিষয়ে সম্মত হয়েছিল। তিনি বলেন, শোকানুষ্ঠান চলাকালে উভয় পক্ষই পরিস্থিতি আরও উত্তপ্ত না করার বিষয়ে সতর্ক ছিল।
আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, খামেনির রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধি অংশ নেওয়ার পাশাপাশি বিপুলসংখ্যক মানুষ তেহরানে সমবেত হয়েছেন।
সূত্র: আল জাজিরা, অ্যাক্সিওস

