খুলনার পাইকগাছা উপজেলায় বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধে মানববন্ধন, ক্যাম্পেইন ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলা পরিষদ চত্বরে ভুক্তভোগী নাগরিক সমাজ এ কর্মসূচি পালন করে।
পাইকগাছার বসতি এলাকা ও কৃষিজমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ প্রতিরোধ ও টেকসই সমাধান” শীর্ষক এ কর্মসূচিতে বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা অংশ নেন। কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
আয়োজকরা জানান, সাম্প্রতিক সময়ে লবণাক্ত পানির অনুপ্রবেশ বেড়ে যাওয়ায় কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে, সুপেয় পানির সংকট তীব্র হচ্ছে এবং জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়ছে।
স্মারকলিপিতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ ও সংস্কার, নদী-খাল পুনঃখনন, লবণপানি প্রবেশের কারণ চিহ্নিতকরণ, পানি ব্যবস্থাপনা জোরদার, অননুমোদিত গেট ও পাইপলাইন বন্ধ এবং সুপেয় পানির নিশ্চয়তার দাবি জানানো হয়।
কর্মসূচিতে অগ্রগতি সংস্থার সৃজন প্রকল্পের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের ভুক্তভোগী নারীসহ সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, লবণাক্ততার এই সংকট শুধু পরিবেশ নয়, মানুষের জীবন-জীবিকা ও অস্তিত্বের সঙ্গে জড়িত। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠবে।

