মুহাম্মদ মহসিন আলী ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮৭ লাখ ৯৩ হাজার টাকা মূল্যের চোরাচালানী মালামাল জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)। সীমান্ত দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য ও অন্যান্য অবৈধ পণ্য প্রবেশ রোধে জোরদার নজরদারির অংশ হিসেবে ২২ ও ২৩ এপ্রিল পৃথক অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালে বিজয়নগর উপজেলার আউলিয়া বাজার সংলগ্ন নয়নপুর এলাকায় পরিচালিত অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৪ লাখ ৭৬ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজয়নগর উপজেলার কামালমোড়া গ্রামের বাসিন্দা রিপন মিয়া (৪০) ও শাহিন মিয়া (৪৫)-এর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগের দিন, ২২ এপ্রিল বিকেলে বিজয়নগর উপজেলার ইসলামপুর এলাকায় ব্রাহ্মণবাড়িয়া ট্রানজিট ক্যাম্পের একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ৪ হাজার ৫৬০ কেজি ভারতীয় জিরা আটক করা হয়, যার আনুমানিক মূল্য ৬৮ লাখ ৪০ হাজার টাকা। একই সঙ্গে উদ্ধার করা হয় আরও ১ লাখ ৭৫ হাজার পিস ভারতীয় পাতার বিড়ি, যার মূল্য প্রায় ১৯ লাখ ৫৩ হাজার টাকা।
সব মিলিয়ে, দুই দিনের এসব অভিযানে মোট প্রায় ৮৮ লাখ টাকা মূল্যের চোরাচালানী পণ্য জব্দ করা হয়েছে। আটককৃত মালামাল আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
সরাইল ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জব্বার আহমেদ জানান, “ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর, আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।”

