ভারতের রাজধানী দিল্লিসহ বিভিন্ন শহরে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে পৌঁছে ভয়াবহ তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এমন পরিস্থিতির মধ্যেই দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি) কিছুটা স্বস্তির খবর দিয়েছে।
শুক্রবার (২২ মে) ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, আরব সাগর ও বঙ্গোপসাগরের ওপর দ্রুত গতিতে একটি বিশাল মৌসুমি মেঘমালা তৈরি হচ্ছে, যা ভারতের উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। স্যাটেলাইট চিত্রেও এই ঘন মেঘের বিস্তৃতি স্পষ্টভাবে দেখা গেছে।
আবহাওয়াবিদদের মতে, এই মেঘমালার প্রভাবে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আরও শক্তিশালী হয়ে উঠছে। ফলে নির্ধারিত সময়ের আগেই কেরালায় বর্ষা পৌঁছে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
উপগ্রহ চিত্রে দেখা গেছে, দক্ষিণ আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরের বিস্তীর্ণ অঞ্চলে ঘন মেঘের স্তর তৈরি হয়েছে। বিশেষ করে দক্ষিণ শ্রীলঙ্কা ও দক্ষিণ-পূর্ব আরব সাগরের ওপর মেঘের সক্রিয়তা বেশি, যা মৌসুমি বায়ুর প্রবেশের জন্য গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে বিবেচিত হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, স্থলভাগের অতিরিক্ত উত্তাপ সমুদ্র থেকে আর্দ্র বাতাস টেনে আনছে, যার ফলে বায়ুমণ্ডলে দ্রুত শক্তিশালী মেঘ তৈরি হচ্ছে এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে।
এদিকে বর্তমানে ভারতের উত্তর ও মধ্যাঞ্চলের একাধিক রাজ্য—রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, ওড়িশা ও বিদর্ভ—ভয়াবহ তাপপ্রবাহের মধ্যে রয়েছে, যেখানে তাপমাত্রা অনেক জায়গায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে।

