রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় ডিএনএ রিপোর্ট ৭২ ঘণ্টার মধ্যে পাওয়া গেলে ঈদের আগেই চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শনিবার (২৩ মে) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
আইনমন্ত্রী বলেন, ডিএনএ পরীক্ষা ছাড়া চার্জশিট দেওয়া হলে বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ হতে পারে। তাই এ ধরনের মামলায় বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে ডিএনএ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশা, রামিসার ডিএনএ রিপোর্ট দ্রুতই পাওয়া যাবে। রিপোর্ট হাতে এলে ঈদের আগেই চার্জশিট দাখিল করা সম্ভব হবে এবং ঈদের পর বিচার কার্যক্রম শুরু হতে পারে।
সরকার এই মামলার দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত ১৯ মে পল্লবীর একটি বাসা থেকে শিশু রামিসার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানাকে গ্রেফতার করা হয় এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তার স্ত্রীকেও আটক করে পুলিশ।

