নুরী আক্তার মুন, ডেস্ক রিপোর্ট :
গরমের সময় মোটরসাইকেল চালকদের জন্য হেলমেট ব্যবহার নিরাপত্তার জন্য অত্যাবশ্যক হলেও দীর্ঘ সময় ব্যবহারে মাথায় অতিরিক্ত ঘাম, চুল নোংরা হওয়া এবং চুল পড়ার মতো সমস্যা দেখা দেয় বলে জানিয়েছেন অনেক বাইকার।
অফিসগামী, শিক্ষার্থী ও রাইড শেয়ারিংয়ের সঙ্গে যুক্ত চালকদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা যায়। হেলমেটের ভেতরে ঘাম জমে স্কাল্পে আর্দ্রতা তৈরি হওয়ায় চুলের গোড়ায় সমস্যা দেখা দিতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ঘাম, তাপ ও ঘর্ষণের কারণে স্কাল্পে নানা সমস্যা তৈরি হয়। এ কারণে নিয়মিত চুল পরিষ্কার রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্ভব হলে বাইরে বের হওয়ার আগে বা দিনে একবার হালকা মাইল্ড শ্যাম্পু ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে, বিশেষ করে সালফেট-ফ্রি শ্যাম্পু ব্যবহার করলে উপকার পাওয়া যায়।

দীর্ঘ সময় মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে মাঝেমধ্যে বিরতি নেওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। এতে মাথায় বাতাস লাগে এবং ঘাম কম জমে। পাশাপাশি হেলমেটের ভেতরে ঘাম শোষণ করতে পারে এমন হেডব্যান্ড বা লাইনার ব্যবহার করাও উপকারী।
চুলের স্বাস্থ্য রক্ষায় শ্যাম্পুর পাশাপাশি কন্ডিশনার ব্যবহারের পরামর্শও দেওয়া হয়েছে। রাতে হালকা তেল দিয়ে স্কাল্প ম্যাসাজ করলে উপকার মিলতে পারে, তবে গরমের সময় অতিরিক্ত তেল ব্যবহার না করাই ভালো।
রাইড শেষে ভেজা চুল দ্রুত শুকানো জরুরি। প্রয়োজনে বাতাস বা পোর্টেবল ফ্যান ব্যবহার করে চুল শুকিয়ে নেওয়া উচিত, যাতে স্কাল্পে আর্দ্রতা না জমে এবং চুল সুস্থ থাকে।


