ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তেজনার মধ্যে উভয় পক্ষই সামরিক হামলাকে আলোচনার কৌশলের অংশ হিসেবে ব্যবহার করছে। তবে কোনো পক্ষই পূর্ণমাত্রার যুদ্ধে জড়াতে আগ্রহী নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা জেনারেল সাইমন মায়াল।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সাম্প্রতিক হামলার কিছু অংশ কৌশলগত বার্তা দেওয়ার উদ্দেশ্যে হলেও বাস্তবে প্রাণহানিও ঘটছে। ফলে আলোচনার মাধ্যমে সংকট নিরসনের পথ আরও জটিল হয়ে উঠেছে।
মায়ালের মতে, তেহরানের নীতিনির্ধারকদের একটি অংশ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে সমঝোতার মাধ্যমে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিলের সুযোগ কাজে লাগাতে চাইলেও, কট্টরপন্থী গোষ্ঠী এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) সংঘাত অব্যাহত রাখার পক্ষেই অবস্থান নিয়েছে।
তিনি বলেন, ইরান যদি পারমাণবিক কর্মসূচি সীমিত করে, হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করে এবং আঞ্চলিক মিত্র গোষ্ঠীগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণে আনে, তাহলে আলোচনার অগ্রগতি সম্ভব হতে পারে। তবে কট্টরপন্থী মহলের অবস্থানের কারণে সেই সম্ভাবনা বাস্তবে কঠিন হয়ে পড়েছে।
জেনারেল মায়াল আরও মনে করেন, বর্তমান পরিস্থিতিতে সামরিক চাপ ও কূটনৈতিক আলোচনার সমন্বয়ই সংকটের ভবিষ্যৎ নির্ধারণ করবে।

