মোঃ রওকত আলী, রংপুর প্রতিনিধি:
রংপুর নগরীর মডার্নের অর্জন মোড় এলাকায় স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিস লিমিটেডের একটি কাভার্ডভ্যানের ধাক্কায় অরুণা বালা (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় কাভার্ডভ্যানটির চালক, সহকারী এবং যানবাহনটি জব্দ করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে রংপুরগামী স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান নগরীর মডার্ন মোড়ের অর্জন এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় অরুণা বালা গাড়িটির ধাক্কায় গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত অরুণা বালার বাড়ি দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার পরবাশু এর স্ত্রী।
দুর্ঘটনায় জড়িত কাভার্ডভ্যানটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-অ ১১-৬৩৬০। আটক চালক মোহাম্মদ মোরসালিন গঙ্গাচড়া উপজেলার হাবু কুটিরপাড়া এলাকার রাজা মিয়ার ছেলে। তার সহকারী আবু বক্কর একই উপজেলার গিদের বাজার এলাকার আনোয়ারুলের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম রফিক জানান, সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে আসা স্টেডফাস্ট কুরিয়ারের কাভার্ডভ্যানটি সড়ক পারাপারের সময় অরুণা বালাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি, চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

