বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দরবেশ আলী সড়কের একটি বাসা থেকে ইসরাত জাহান নিশি (২৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিশি ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা গ্রামের নাসির মোল্লার মেয়ে এবং বাউফলের চন্দ্রপাড়া গ্রামের যুক্তরাষ্ট্রপ্রবাসী মনিরুল ইসলাম ঢালীর স্ত্রী। প্রায় দুই মাস আগে তাদের বিয়ে হয়েছিল।
পুলিশ জানায়, শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের পর নিশি একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেন। সকালে অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ দরজা ভেঙে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন ও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।

