সত্যজিৎ দাস:
নেপালের দুর্গম পাহাড়ি পথে অনুষ্ঠিত আন্তর্জাতিক ট্রেইল রেস ফিশটেইল ১০০-এর ৫০ কিলোমিটার ক্যাটাগরিতে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি ফিনিশার হিসেবে ইতিহাস গড়েছেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার তরুণ রানার আমির উদ্দিন।
সম্প্রতি নেপালের নয়নাভিরাম কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং অন্নপূর্ণা অঞ্চলে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ট্রেইল রানাররা অংশ নেন। প্রতিকূল আবহাওয়া, খাড়া পাহাড়ি পথ এবং দীর্ঘ দূরত্বের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে আমির উদ্দিন অসাধারণ মানসিক দৃঢ়তা ও সহনশীলতার পরিচয় দেন।
আয়োজকদের নির্ধারিত ৫০ কিলোমিটার ক্যাটাগরির রেস তিনি সফলভাবে সম্পন্ন করেন ১৩ ঘণ্টা ২৩ মিনিট ৩৫ সেকেন্ডে। জানা গেছে, রেসটিতে অংশগ্রহণকারী দৌড়বিদদের ৫ হাজার ১৯১ মিটার এলিভেশন অতিক্রম করতে হয়েছে,যা এটিকে আরও কঠিন করে তোলে।
স্থানীয় সূত্র জানায়,সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও নিজের প্রচেষ্টা ও অনুশীলনের মাধ্যমে ট্রেইল রানিংয়ে দক্ষতা গড়ে তুলেছেন আমির উদ্দিন। আন্তর্জাতিক অঙ্গনে এমন কঠিন প্রতিযোগিতায় অংশ নিয়ে তার এই অর্জন জেলার ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করেছে।
ট্রেইল রানার সাইফুল ইসলাম বলেন,“আমির ভাই আমাদের জন্য অনুপ্রেরণা। পাহাড়ি ট্রেইল রেস অত্যন্ত কঠিন। সেখানে বাংলাদেশের হয়ে প্রথম ফিনিশার হওয়া সত্যিই অসাধারণ অর্জন।
নিজের অনুভূতি জানিয়ে আমির উদ্দিন বলেন, “এই অর্জন শুধু আমার নয়,পুরো বাংলাদেশের। দেশের পতাকা বুকে নিয়ে আন্তর্জাতিক মঞ্চে দৌড়াতে পেরে আমি গর্বিত। ভবিষ্যতে আরও বড় প্রতিযোগিতায় দেশের জন্য ভালো কিছু করতে চাই।
আমির উদ্দিন মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২০২৩ ব্যাচের শিক্ষার্থী। বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুবিনা আক্তার রুবি বলেন, “এটি শুধু একজন শিক্ষার্থীর ব্যক্তিগত সাফল্য নয়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠান ও দেশের জন্যও গর্বের বিষয়। আমিরের এই অর্জন ভবিষ্যতের ট্রেইল রানারদের অনুপ্রাণিত করবে।
আমির উদ্দিনের এই সাফল্যে বানিয়াচংসহ পুরো হবিগঞ্জ জেলায় আনন্দের আবহ তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছেন। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, যথাযথ পৃষ্ঠপোষকতা ও প্রশিক্ষণের সুযোগ পেলে ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে আরও বড় সাফল্য এনে দিতে পারেন এই তরুণ রানার।

