সত্যজিৎ দাস, মৌলভীবাজার:
অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা।মৌলভীবাজার সদর উপজেলার চৌমুহনা বাজার এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার (১৮ মে) সকালে র্যাব-৯ এর সিপিসি-২ মৌলভীবাজার ক্যাম্প এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৪৩ ধারায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের দায়ে ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’-এর মালিক মহিবুর রহমানকে ৩০ হাজার টাকা এবং ‘রাজমহল কনফেকশনারি’-র মালিক মো. তানিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে মোট ৮০ হাজার টাকা আদায় করা হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে,জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

