পাইকগাছা প্রতিনিধি:
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের কাশিমনগর গ্রামে ভীম বসু (৩৮) নামে এক মুদি ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, ঋণের চাপ ও দীর্ঘদিনের অভাব-অনটনের কারণে তিনি আত্মহত্যা করেছেন।
রোববার (১৪ জুন) ভোর ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে যেকোনো সময়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত ভীম বসু কাশিমনগর গ্রামের বিনয় বসুর ছেলে এবং পেশায় একজন মুদি দোকানদার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পরিবারের সদস্যরা বাড়ির পাশে একটি আমগাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ভীম বসুকে দেখতে পান। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আইনগত প্রক্রিয়া শুরু করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসা পরিচালনা করতে গিয়ে ভীম বসু বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাশাপাশি পারিবারিক অভাব-অনটন ও ঋণের চাপ সামাল দিতে না পেরে তিনি চরম হতাশায় ভুগছিলেন। এসব কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে স্থানীয়রা ধারণা করছেন।
পাইকগাছা থানা পুলিশ জানায়, ঘটনাটি অপমৃত্যু হিসেবে বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। মরদেহের সুরতহাল ও অন্যান্য কার্যক্রম শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

