কাজী মফিকুল ইসলাম, আখাউড়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গ্রীন ভ্যালি স্কুলের উদ্যোগে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌর শহরের কলেজপাড়া এলাকায় স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসী রাবেয়া। স্কুলের প্রধান শিক্ষক লুৎফা খানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান, আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক তাসলিমা হাসান খানসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তাপসী রাবেয়া বলেন, শিশুদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয় এবং “যেমন খুশি তেমন সাজো” পর্বে সমাজের নানা অসংগতি ও সচেতনতামূলক বার্তা তুলে ধরে।
শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

