সরকার দেশীয় উৎপাদন ও শিক্ষার্থীদের মাঝে সমতা নিশ্চিত করার লক্ষ্যে নতুন একটি উদ্যোগ শুরু করতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন।
বুধবার (২২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, পর্যায়ক্রমে সারাদেশে পাটজাত ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি বলেন, পাইলট প্রকল্প হিসেবে আগামী জুলাই থেকে প্রতিটি উপজেলায় দুটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে। প্রথম ধাপে এক লাখেরও বেশি শিক্ষার্থী এ সুবিধার আওতায় আসবে।
উপদেষ্টা আরও জানান, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো দেশীয় পণ্য ব্যবহারে উৎসাহ বৃদ্ধি এবং “মেড ইন বাংলাদেশ” ধারণাকে শক্তিশালী করা।
তার মতে, একই ধরনের ব্যাগ ও পোশাক বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সমতা প্রতিষ্ঠার চেষ্টা করা হবে, যাতে ধনী-গরিব বৈষম্য কিছুটা হলেও কমে আসে।
এছাড়া পাটজাত ব্যাগ ব্যবহারের মাধ্যমে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং পলিথিন ব্যবহার কমানোর বার্তাও দেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন। এটি শিশুদের মাধ্যমে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার একটি প্রাথমিক উদ্যোগ বলেও জানান তিনি।

