সরকারের পরিচালন ব্যয় কমাতে ৯টি খাতে কঠোর সাশ্রয়ী পদক্ষেপ নিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
সম্প্রতি জারি করা পরিপত্রে বলা হয়েছে, চলমান বৈশ্বিক অর্থনৈতিক চাপ ও পরিস্থিতি বিবেচনায় সরকারি খরচ নিয়ন্ত্রণে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
নির্দেশনায় সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহার ৩০ শতাংশ কমানো, বিদেশি প্রশিক্ষণ ও গাড়ি ক্রয়ের ঋণ সুবিধা বন্ধ রাখা এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় অর্ধেকে নামিয়ে আনার কথা বলা হয়েছে।
এছাড়া সভা-সেমিনারের আপ্যায়ন ও আয়োজন ব্যয় কমানো, সরকারি ভ্রমণ ব্যয় হ্রাস, বিদ্যুৎ-গ্যাস ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারি দপ্তরে গাড়ি, জলযান, আকাশযান ও কম্পিউটার ক্রয় বন্ধ থাকবে। পাশাপাশি সরকারি ও বেসরকারি ভবনের শোভাবর্ধন ব্যয়ও কমানো হবে।
ভূমি অধিগ্রহণ ব্যয়ও আপাতত সম্পূর্ণভাবে স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

