দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছে। ফলে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।
বুধবার (১০ জুন) সকালে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম হ্রাস পাওয়ায় স্বর্ণের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্যতালিকা সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
সংশোধিত দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকায়।
এর আগে গত ৬ জুনও স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সেদিন প্রতি ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের স্বর্ণের মূল্য নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৯ হাজার ৩৭৩ টাকা। একই সময়ে ২১ ক্যারেটের স্বর্ণের দাম ছিল ২ লাখ ১৮ হাজার ৯৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৮৭ হাজার ৬৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা।
চলতি বছরে এখন পর্যন্ত ৭২ বার স্বর্ণের মূল্য সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৩৭ দফা দাম বৃদ্ধি এবং ৩৫ দফা দাম হ্রাস করা হয়েছে। অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম পুনর্নির্ধারণ করা হয়েছিল। ওই বছরে ৬৪ বার দাম বাড়ানো হলেও কমানো হয়েছিল ২৯ বার।

