ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজের (এলাহাবাদ) ঐতিহ্যবাহী ‘নিউ যমুনা ব্রিজ’ ঘটে গেলো এক চাঞ্চল্যকর ঘটনা। প্রেমিকের সঙ্গে হাত ধরে একসঙ্গে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন এক তরুণী। তবে শেষ মুহূর্তে নাটকীয়ভাবে বদলে যায় দৃশ্যপট। প্রেমিক কথা রক্ষার্থে সোজা যমুনা নদীতে ঝাঁপ দিলেও শেষ মুহূর্তে মত বদলে ফেলেন প্রেমিকা।
প্রেমিক ভেসে গেলেও তিনি ঝাঁপ না দিয়ে চুপচাপ স্থান ত্যাগ করে হেঁটে চলে যান। তবে পুলিশ ও স্থানীয় ডুবুরিদের দ্রুত তৎপরতায় ওই যুবককে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
গত বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) ভারতের উত্তর প্রদেশের ‘নিউ যমুনা ব্রিজে’এই অভিনব ও ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই যুবকের নাম আনু গুপ্তা।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তরুণ-তরুণী আগে থেকেই পরিকল্পনা করে একসঙ্গে জীবনের ইতি টানার উদ্দেশ্যে নিউ যমুনা ব্রিজে এসেছিলেন। সেতুর ওপরে দাঁড়িয়ে দুজন শেষবারের মতো কিছুক্ষণ কথা বলেন। এরপর পরিকল্পনা অনুযায়ী প্রেমিক আনু গুপ্তা চোখ বন্ধ করে প্রমত্তা যমুনা নদীতে ঝাঁপ দেন।
কিন্তু ঘটনা ঘটিয়ে ফেলে প্রেমিক নদীতে তলিয়ে যেতে থাকলেও প্রেমিকা সেতুর ওপরেই স্থির দাঁড়িয়ে থাকেন। তাকে ঝাঁপ দিতে দেখা যায়নি। এমনকি চোখের সামনে প্রেমিককে নদীতে হাবুডুবু খেতে দেখার পরও অত্যন্ত শান্ত ও স্বাভাবিক ভঙ্গিতে সেতুর ওপর থেকে হেঁটে স্থান ত্যাগ করেন ওই তরুণী।
ঘটনাটি প্রত্যক্ষদর্শীরা দেখতে পেয়ে দ্রুত পুলিশে খবর দেন। খবর পেয়ে প্রয়াগরাজ থানা পুলিশ ও স্থানীয় দক্ষ ডুবুরি দল দ্রুত নৌকাসহ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় আধা ঘণ্টার নিবিড় চেষ্টার পর আনু গুপ্তাকে নদী থেকে সশরীরে ও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।
প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে উদ্ধারকৃত যুবককে তাঁর পরিবারের কাছে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ ও শঙ্কামুক্ত আছেন। প্রেমিক ঝাঁপ দেওয়ার পরও কেন তরুণী তা করলেন না এবং ঘটনার নেপথ্যে কোনো মনস্তাত্ত্বিক জটিলতা বা ষড়যন্ত্র ছিল কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ প্রশাসন। নিখোঁজ বা আত্মগোপনে থাকা ওই তরুণীর পরিচয় শনাক্ত করতে আশপাশের সিসিটিভি (CCTV) ফুটেজ বিশ্লেষণ করছে পুলিশ।

