মো. মোস্তাফিজুর রহমান রিপন, ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবী সংগঠন “উই ক্যান চেঞ্জ” এর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৮ মে) সকালে নলছিটি উপজেলার রানাপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পে ৪ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
স্বেচ্ছাসেবী এই সংগঠনের উদ্যোগে আয়োজিত এ মেডিকেল ক্যাম্প বিকাল পর্যন্ত চলবে। ক্যাম্পে শিশু মেডিসিন ও শিশু সার্জারি বিশেষজ্ঞ, চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ এবং পুষ্টিবিদগণ রোগীদের চিকিৎসা সেবা প্রদান করছেন।
উই ক্যান চেঞ্জের চেয়ারম্যান ও ঢাকা শিশু হাসপাতালের অধ্যাপক ডাঃ খালিদ মাহমুদ শাকিল জানান, গ্রামের সাধারণ ও অসহায় মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেয়ে তারা উপকৃত হয়েছেন এবং ভবিষ্যতেও এ রকম উদ্যোগ চলমান রাখার আহ্বান জানিয়েছেন।

