দীর্ঘ সময় পর দলকে সাংগঠনিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় কাউন্সিল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। দলীয় সূত্র জানায়, তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত ইতোমধ্যে কাউন্সিল ঘিরে ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে।
শনিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে দলের সাংগঠনিক ইউনিটগুলোর সঙ্গে মতবিনিময় সভা করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সভায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতারাও অংশ নেবেন।
দলীয় নেতারা জানান, এই বৈঠকে সাংগঠনিক পুনর্গঠন, ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল এবং সম্ভাব্য জাতীয় কাউন্সিল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। এছাড়া নতুন নেতৃত্ব নির্বাচন ও আন্দোলন-নির্বাচন কৌশল নিয়েও দিকনির্দেশনা আসার সম্ভাবনা রয়েছে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছেন, চলতি বছরের শেষ দিকে, বিশেষ করে ডিসেম্বর মাসে জাতীয় কাউন্সিল আয়োজনের লক্ষ্য নিয়ে এগোচ্ছে দলটি।
তবে এখনো আনুষ্ঠানিকভাবে কাউন্সিলের তারিখ ঘোষণা করা হয়নি। দলের স্থায়ী কমিটি এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য চেয়ারম্যানের ওপর দায়িত্ব দিয়েছে বলে জানা গেছে।
দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিন বছর পরপর কাউন্সিল হওয়ার কথা থাকলেও গত এক দশকে তা হয়নি। তবে সময়ের সঙ্গে সঙ্গে নির্বাহী কমিটিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে।
দলীয় সূত্রের মতে, চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবেই এবার জাতীয় কাউন্সিলকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএনপি।

