জেট ফুয়েলের দাম হঠাৎ বেড়ে যাওয়ায় সংকটে পড়া এয়ারলাইন্সগুলোকে সহায়তা দিতে ফ্রান্স সরকার আর্থিক সহায়তার পরিকল্পনা করছে বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো।
বুধবার অনুষ্ঠিত এক বৈঠকের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি জানান, সরকার ও এয়ারলাইন্সগুলোর মধ্যে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। এর মধ্যে রয়েছে সামাজিক নিরাপত্তা অবদান স্থগিত রাখা, কর পরিশোধের সময়সীমা বাড়ানো এবং জ্বালানি ব্যবহারে কিছুটা নমনীয়তা দেওয়ার বিষয়।
মন্ত্রী বলেন, বর্তমানে এয়ারলাইন্স খাত একটি বড় ধরনের চাপের মুখে রয়েছে। এই সংকট মোকাবেলায় সরকার পূর্ণ সমর্থন দিতে প্রস্তুত এবং শিল্পকে টিকিয়ে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ইউরোপীয় আকাশপথে বড় ধরনের বিঘ্ন এড়াতে ইতোমধ্যে বিভিন্ন কর্তৃপক্ষ সমাধান খুঁজছে। বিশেষ করে আসন্ন গ্রীষ্ম মৌসুমে জেট ফুয়েল সংকট আরও তীব্র হতে পারে বলে সতর্ক করেছে ইউরোপের একাধিক এয়ারলাইন্স।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ পরিস্থিতির প্রভাব এবং মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ নির্ভরতার কারণে ইউরোপে জেট ফুয়েল সংকট তৈরি হয়েছে। বর্তমানে ইউরোপের প্রায় ৭৫ শতাংশ জেট ফুয়েল মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়।
এদিকে ফরাসি ক্যারিবীয় দ্বীপ গুয়াদেলুপের লে আবিমেসে অবস্থিত মেরিজ কনডে বিমানবন্দরে সম্প্রতি পার্ক করা এয়ার ফ্রান্সের একটি বোয়িং ৭৭৭ বিমানের ছবি সামনে এসেছে, যা ইউরোপের বিমান খাতে চলমান অনিশ্চয়তার প্রতিচ্ছবি হিসেবে দেখা হচ্ছে।
সূত্র:আল জাজিরা

