ইসরায়েলে সাম্প্রতিক সময়ে খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো বলেছেন, পবিত্র ভূমিতে এ ধরনের “খ্রিস্টানবিরোধী কর্মকাণ্ড” বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বিশেষভাবে পশ্চিম জেরুজালেমে এক ফরাসি ক্যাথলিক নানকে নির্মমভাবে হামলার ঘটনার কথা উল্লেখ করেন, যা আন্তর্জাতিকভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
ইসরায়েলি পুলিশ বৃহস্পতিবার হামলার একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায়, এক ব্যক্তি নানকে অনুসরণ করে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন, এতে তার মাথায় আঘাত লাগে। পরে ওই ব্যক্তি কিছুক্ষণ সরে গিয়ে আবার ফিরে এসে মাটিতে পড়ে থাকা অবস্থায় তাকে লাথি মারেন।
ঘটনার পর হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এই জঘন্য ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”
তিনি আহত নানের দ্রুত সুস্থতা কামনা করে গভীর উদ্বেগ ও সহমর্মিতা প্রকাশ করেন।
সুত্রঃ আলজাজিরা

