নওগাঁর নিয়ামতপুর উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে একই পরিবারের চারজনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আজ বুধবার (২২ এপ্রিল) এক ব্রিফিংয়ে নওগাঁর পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে এ ঘটনায় ডাকাতির কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। বরং জমিজমা সংক্রান্ত বিরোধই হত্যাকাণ্ডের মূল কারণ হিসেবে উঠে এসেছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, পরিবারটির ১৭ বিঘা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর মধ্যে ১২ বিঘা জমি ছেলে হাবিবুর রহমানের নামে লিখে দেন তার বাবা। ওই জমি নিয়েই দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ। ঘটনায় একাধিক পক্ষ জড়িত থাকার বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। তবে এখনো নিশ্চিতভাবে কিছু বলা হয়নি।
পুলিশ সুপার আরও জানান, ঘটনায় মোট ছয়জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে হাবিবুর রহমানের এক ভাগ্নে ও ভগ্নিপতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের জমি বিরোধই এই হত্যাকাণ্ডের মূল কারণ। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং অভিযুক্ত কয়েকজনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত ২০ এপ্রিল রাতে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী ও দুই সন্তানকে নিজ বাড়িতে গলা কেটে হত্যা করা হয়। পরদিন সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

