পারভেজ হাসান,
চব্বিশের জুলাই বিপ্লবের অগ্রসৈনিক বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি), রংপুরের শহিদ আবু সাঈদ স্মরণে শুরু হয়েছে চার দিনব্যাপী ‘শহিদ আবু সাঈদ বইমেলা-২০২৬’। রবিবার (১২ এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে দ্বিতীয়বারের মতো আয়োজিত এ বইমেলার উদ্বোধন করেন শহিদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী। উপাচার্য শহীদ আবু সাঈদের বাবা ও আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং পরে বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ উপলক্ষে মেলা প্রাঙ্গণে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী আবু সাঈদ একজন শ্রেষ্ঠ বীর হিসেবে বিশ্বজুড়ে পরিচিত। তার এই অসামান্য অবদান স্মরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বইমেলার আয়োজন করেছে। বইমেলার মতো আয়োজন নতুন প্রজন্মকে ইতিহাস, সাহিত্য ও মুক্তচিন্তার সঙ্গে যুক্ত করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। জ্ঞানচর্চা ও মানবিক মূল্যবোধ গঠনে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি।
সভায় উদ্বোধক হিসেবে বক্তব্য দেন শহিদ আবু সাঈদের বাবা মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইমেলা আয়োজক কমিটির আহ্বায়ক ড. মোঃ মনিরুজ্জামান এবং স্বাগত বক্তব্য দেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক ড. সোহাগ আলী। আলোচনা সভাটি সঞ্চালনা করেন অর্থনীতি বিভাগের প্রভাষক সাইফুদ্দিন খালেদ।
মেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩৫টি প্রকাশনা সংস্থা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নিয়েছে। ১২ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত চলমান এই বইমেলায় প্রতিদিন আলোচনা সভা, লেখক আড্ডা, আবৃত্তি, গ্রন্থ পর্যালোচনা, শিশুদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে।
উল্লেখ্য, দেশে চলমান জ্বালানি সংকটের কারণে সরকারি নির্দেশনা অনুসারে প্রতিদিন দুপুর দেড়টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা খোলা থাকবে। তবে পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৬টা পর্যন্ত মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হবে।

