তিন দিনের সরকারি সফরে আগামী রোববার (৭ জুন) রাশিয়ার রাজধানী মস্কো যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার (৩ জুন) তার এই সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফরকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ–এর সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এছাড়া রুশ সরকারের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।
সফরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তার সঙ্গে থাকবেন বলে জানা গেছে।
কূটনৈতিক সূত্রে জানা যায়, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ বড় অবকাঠামো প্রকল্প, জ্বালানি সহযোগিতা এবং বাণিজ্য সম্প্রসারণ সফরের আলোচনায় গুরুত্ব পাবে। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ-পরবর্তী বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি ও নিষেধাজ্ঞা ইস্যুও আলোচনায় আসতে পারে।
প্রসঙ্গত, দীর্ঘ সাত বছর পর এটি বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর প্রথম মস্কো সফর হিসেবে বিবেচিত হচ্ছে।

